কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মোংলা থেকে উত্তরাঞ্চলে জ্বালানি অবকাঠামো গড়বে সরকার

সংগৃহীত ছবি

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মোংলাকে কেন্দ্র করে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি। মোংলাকে ঘিরে নতুন শিল্পাঞ্চল ও অর্থনৈতিক সম্ভাবনা তৈরিতে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ সরকারের বিনিয়োগ উন্নয়ন সংস্থা ইনভেস্ট বাংলাদেশের সঙ্গে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এতে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

অনুষ্ঠান উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করতে আগ্রহী। দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিনিয়োগ, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। বিশেষ করে মোংলাকে কেন্দ্র করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে জ্বালানি অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের ক্ষেত্রে সহযোগিতা করায় চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

প্রধানমন্ত্রী দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের বলে উল্লেখ করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আগ্রহ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…