একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তাঁর স্ত্রী কল্পনা দাশ (৫৫)। অভিযুক্ত তাঁদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্ত (৪২)।

স্থানীয়দের দাবি, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ জানান, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাও নিয়েছেন। শনিবার সকালে মা-বাবার সঙ্গে বাইরে থেকে বাড়ি ফেরার কিছুক্ষণ পর তিনি ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মায়ের ওপর হামলা চালান। মাকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবা স্বপন দাশ গুপ্তকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

তিনি আরও জানান, চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে কল্পনা দাশকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় দেখতে পান। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তিনি মারা যান।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করেছে। ঘটনাস্থল থেকে কল্পনা দাশের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বপন দাশ গুপ্তের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মাদকসংক্রান্ত কারণেই এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পাশাপাশি অভিযুক্ত অবিবাহিত এবং তিনি মানসিকভাবে অসুস্থ কি না, সেটিও তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!