স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, জনগণের জন্য সহজলভ্য ও কার্যকর অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে একটি উপজেলাকে মডেল হিসেবে নিয়ে প্রকল্পটির কার্যক্রম শুরু করা হবে। উদ্যোগটি সফল হলে দেশের অ্যাম্বুলেন্সের চাহিদা পূরণের পাশাপাশি আমদানিনির্ভরতাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর করতে তিন স্তরে অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী—এই তিন ধরনের অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
সভায় জানানো হয়, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তুলনামূলক কম খরচে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সরবরাহ করা সম্ভব হবে। একই সঙ্গে জরুরি রোগী পরিবহন ব্যবস্থার মানোন্নয়ন ঘটবে এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।
প্রেস উইং আরও জানায়, স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সাপোর্ট এবং জরুরি সেবার অন্যান্য আধুনিক সুবিধা সংযোজনের পরিকল্পনা রয়েছে। দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও সড়ক যোগাযোগ পরিস্থিতি বিবেচনায় রেখে এসব যানবাহনের নকশা প্রণয়ন করা হবে।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা সচিব কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ এহসান, অধ্যাপক জিয়াউর রহমান, অধ্যাপক আবদুল সালাম আখন্দ, অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

