সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নিরাপদ অভিবাসন নিশ্চিত এবং অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকাতে গতকাল সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দক্ষ করে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশ যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।
এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এসব প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করে তিনি বলেন, ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নিতে হবে। প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর কর্মীদের বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার আহ্বান জানান তিনি।

